তোমার প্রত্যাখানের বিষ শরীরে নিয়ে
অতঃপর আমি সমুদ্রের সামনে দাঁড়াই
অশুচি হবার ভয়ে সমুদ্দুর বুকে নেয়না আমায়
পাহাড়ও ফিরিয়ে দেয় বিনম্র মৌনতায়।
শেষাবধি শহরের আলোচিত গণিকার কাছ থেকে
কিনে নেই একটি নিজস্ব রাত
যাবতীয় রমনীয় কৌশলে আমাকে ঘায়েল করার
প্রস্তুতি শেষে, কী এক সন্ধিক্ষনে
তাকে খুলে দেই আমার হৃদয়ের সমস্ত ধার দেনার ইতিহাস।
বুকের খিড়কি দিয়ে বেড়িয়ে আসা বিষাক্ত নিঃশ্বাসে
আর চিরকালীন রমণীয় চাতুরতায়
সেও জেনে যায় বিষের পুরনো কাহন
অতঃপর ভাঁজ করে রাখা সকল পিনন পুনঃপরিধানে শেষে
বলে-“যাই”।
আমিও ফেরাতে পারিনি অথবা ফেরাইনি তাকে
বিষের প্রণয়ে নীল হয়ে থাকা শরীরে
কালচে দাগ পড়েছে ক্রমাগত।
দাগগুলির নামও দিচ্ছি-এক এক করে
ক্রমশঃ — অপ্রাপ্তি, অবহেলা, দীর্ঘশ্বাস।
Bhalo legese Kobitata……………………..